ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ সোমবার শহিদ বুদ্ধিজীবী দিবস এবং আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ বুধবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। উপাচার্যের সভাপতিত্বে এক সভায় এসব কর্মসূচি প্রণয়ন করা হয়।
শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি
শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে: ১৪ ডিসেম্বর ২০২৬ সোমবার সকাল ৬:২০ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬:০০ অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত, সকাল ৬:৩৫ মিনিটে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণস্থ কবরস্থান, জগন্নাথ হল প্রাঙ্গণস্থ স্মৃতিসৌধ ও বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। এরপর মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা। সকাল সোয়া ১১:০০ টায় উপাচার্যের সভাপতিত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ বিভিন্ন হল মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত এবং শান্তি কামনায় দোয়া/প্রার্থনা করা হবে।
মহান বিজয় দিবসের কর্মসূচি
মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে: ১৬ ডিসেম্বর ২০২৬ বুধবার সকাল ৬:২০ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬:০০ উপাচার্য ভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত এবং সকাল ৬:৩৫ মিনিটে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা। সন্ধ্যা পৌনে ৬:০০ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের যৌথ ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
দিবসটি উপলক্ষ্যে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ বিভিন্ন হল এবং আবাসিক এলাকার মসজিদে শহিদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনাসভা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষ্যে কলা ভবন, কার্জন হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র ও স্মৃতি চিরন্তনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হবে।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট বিভাগ যে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন, তা স্থগিত করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। গত ২৩ নভেম্বর আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। ফলে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা তিন (০৩) দিন বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ২০২৬ রাত ১২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
উল্লেখ্য, ২৩ নভেম্বর উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল পরিবর্তনের কারণে নতুনভাবে আবেদনের যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ দিতে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
৪। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড টেলরের নেতৃত্বে কানাডা ও যুক্তরাজ্যের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি ও পরিবেশ উন্নয়নে প্রতিনিধিদলের সদস্যদের সহযোগিতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণাসংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির জন্য তিনি ‘ল্যাব-টু-ল্যাব’ কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
৫। পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হুসনুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচাযের্র সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয়ে আলোচনা করা হয়। গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও গবেষণালব্ধ তথ্য বিনিময়ের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তাঁরা ঐকমত্য পোষণ করেন।
৬। প্রখ্যাত ফরাসি লেখক, বুদ্ধিজীবী, শিল্পকলার ইতিহাসবিদ এবং ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরো (Andre Malraux) স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদ সংলগ্ন ‘আঁদ্রে মালরো গার্ডেন’ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্মৃতিফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, কোষাধ্যক্ষ এবং ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ-এর পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রো উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস এবং আলিয়ঁস ফ্রঁসেজ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
৭। জাপানের এমইউএফজি ব্যাংক লিমিটেড (মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ)-এর ব্যবস্থাপনা পরিচালক মি. কেনজি কিমুরা উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ-এর আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য আগামী জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান আয়োজন-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর বিষয়ে এমইউএফজি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের সহযোগিতা কামনা করেন।
৮। জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদের নেতৃত্বে ৫-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন স্কলারশিপ কর্মসূচি, পাঠদান ও শেখার পদ্ধতি এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ সম্পর্কে প্রতিনিধিদলকে ধারণা দেন। জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদ বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
৯। তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গ্রাফিক ডিজাইন বিভাগ এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট (সিআইটিআই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সিইও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, গ্রাফিক ডিজাইন বিভাগ এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধকরণ এবং তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে কাজ করবে। এছাড়া, ক্যারিয়ার বিষয়ক পরামর্শমূলক সেশন, ইন্ডাস্ট্রি বিষয়ক আলোচনা, প্যানেল আলোচনা, কর্মশালা, দক্ষতা উন্নয়ন সেশন এবং ফ্রিল্যান্সিং বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করবে।
১০। ব্রিটিশ মানবাধিকার আইনজীবী এবং ডেথ পেনাল্টি (ডিপিপি)-এর কো-এক্সিকিউটিভ ডাইরেক্টর লর্ড সল লেয়ারফ্রয়েড উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা সমাজে সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা মানুষের কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
১১। ২০২৩ এবং ২০২৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭৩জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এছাড়া, অসাধারণ গবেষণা কর্মের জন্য অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক এই চার ক্যাটাগরিতে ৪জন শিক্ষককে ডিনস্ রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। উপাচার্য সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
১২। ন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট উইমেন’স ম্যাথমেটিকস অলিম্পিয়াডে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার প্রথম স্থান লাভ করেছেন। উপাচার্য এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “ন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট উইমেন’স ম্যাথমেটিকস অলিম্পিয়াড” উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অলিম্পিয়াড শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ গণিত সমিতি এই অলিম্পিয়াড আয়োজন করে।
১৩। ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে সংবর্ধনা প্রদান করা হয়। ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও রসায়ন বিভাগের চেয়ারপার্সনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), বিজ্ঞান অনুষদের ডিন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইগণ উপস্থিত ছিলেন।
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং University & Industry Alliance এর যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্যের সভাপতিত্বে সেমিনারে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
১৫। পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মিশন সেভেন ক্লিন ফার্স্ট’ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সহযোগী আয়োজক ছিল আরবরিকালচার সেন্টার।
উল্লেখ্য, Mission 7 – Clean First কর্মসূচির আওতায় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, যত্রতত্র ময়লা ফেলা ও পাতা পোড়ানো বন্ধে সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতাকর্মীদের প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনতা বৃদ্ধি এবং ৩১ ডিসেম্বরের আতশবাজি ও শব্দদূষণ নিয়ন্ত্রণসহ পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হবে।
১৬। রসায়ন বিভাগ প্রয়াত অধ্যাপক ড. মো. আলী নওয়াব এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘ Advance in Surface Chemistry & Colloidal Science’-শীর্ষক দিনব্যাপী এই সম্মেলন আয়োজন করে। ‘অধ্যাপক মো. আলী নওয়াব আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
১৭। ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চারজন এমএস শিক্ষার্থীকে ‘বিলকিস জাহান-মাহবুবুল হক স্কলারশিপ’ প্রদান করা হয়েছে। বিভাগীয় চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে দাতা ড. পারভীন হক, তাঁর পরিবারের সদস্য, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
১৮। উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ Respect and Responsibility: Student-Led Solutions for Safer and Violence-Free Campuses ’-শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বৈশ্বিক প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এর অংশ হিসেবে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান ও আইডিয়া কম্পিটিশন আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪৭টি প্রস্তাবনা থেকে ১১টি আইডিয়াকে পুরস্কৃত করা হয়।
১৯। অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে ১ম বর্ষের শিক্ষার্থীদের MBG 110K (Science Communication) কোর্সের অংশ হিসেবে “Future of Microbiology in AI Era” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২০। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। কর্মচারী সমিতির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
২১। ক) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ উদ্যোগে ‘Development Progress of Islamic Banking and Finance in Bangladesh and the Gaps’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সাম্প্রতিক অগ্রগতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ÔIslamic Banking and Finance in Bangladesh – Annual Review (IBFBD) ২০২৬’-এর বিষয়বস্তু ও গুরুত্ব তুলে ধরা হয়।
খ) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের উদ্যোগে “Towards a Stronger and Sustainable Insurance Industry: The Way Forward” শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বীমা খাতের পেশাজীবী, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের বীমা শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ, উদীয়মান সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করা হয়। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গ) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং পলিসি থিংক অ্যান্ড রিসার্চ যৌথভাবে বাংলাদেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ ও দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলা এবং এ বিষয়ে কার্যকর আইন প্রণয়নের প্রয়োজনীয়তা নিয়ে ‘Draft Distressed Asset Management Companies Law শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিভাগের চেয়ারম্যান এবং পলিসি থিংক অ্যান্ড রিসার্চের চেয়ারম্যান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। আলোচনায় দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন, ব্যাংকিং খাতের বিদ্যমান সমস্যা, খেলাপি ঋণ ব্যবস্থাপনা এবং এ সংক্রান্ত একটি কার্যকর ও যুগোপযোগী আইন প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
২২। ভূতত্ত্ব বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টো এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কানাডিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ, ইউনিভার্সিটি অফ টরন্টোর ভেক্টর ইনস্টিটিউট এবং ‘পেল ব্লু এআই’ কর্মশালা আয়োজনে সহায়তা করছে।
কর্মশালায় বিভিন্ন সরকারি সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এই কর্মশালার লক্ষ্য ছিলো বাংলাদেশের সরকারি সংস্থা ও শিক্ষাঙ্গনের বিজ্ঞানী ও গবেষকদের কারিগরি সক্ষমতা জোরদার করা। ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং ইউনিভার্সিটি অফ টরন্টো (ইউ-অফ-টি)-এর গবেষকরা রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় অংশ নেন।
২৩। সপ্তদশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে ৩-দিনব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সপ্তদশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
২৪। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ম্যানেজমেন্ট বিভাগে “৫৬তম ম্যানেজমেন্ট ডে” উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল একাডেমিক আলোচনা, শোভাযাত্রা, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক পরিবেশনা প্রভৃতি।
সকালে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৫। শক্তি ইনস্টিটিউটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের MS in Renewable Energy Technology (MRET) কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও শক্তি ইনস্টিটিউটের পরিচালক। ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য, প্রো-উপাচার্য (শিক্ষা), প্রো-উপাচার্য (প্রশাসন) কোষাধ্যক্ষ এবং রেজিস্ট্রার।
২৬। প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিক্ষাসফর গত ০৪ থেকে ০৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাসফরের অংশ হিসেবে বান্দরবানের থানচি, নাফাখুম, তমা তুঙ্গী ও রেমাক্রির প্রাকৃতিক সৌন্দর্য সম্বলিত বিভিন্ন উল্লেখযোগ্য স্থান পর্যবেক্ষণ ও চিত্রাংকন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় শিক্ষক-শিক্ষার্থীসহ ৪৫জন শিল্পী অংশগ্রহণ করেন।
২৭। সিরামিক বিভাগের ৫-দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২৫ নভেম্বর চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। চারুকলা অনুষদের ডিন প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২৮। ক) রোকেয়া হল ইউনিট বাঁধনের উদ্যোগে নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সর্বোচ্চ রক্তদানের জন্য রোকেয়া হলের ৩৫ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। খ) হলের ৭ মার্চ ভবনের ছাত্রীদের কক্ষের লকার ও দরজার পাল্লা মেরামতের কাজ চলমান রয়েছে এবং ভবনের পোকামাকড় নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। গ) শীতকালীন ফুলের চারা রোপণের মাধ্যমে হল প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে। ঘ) ছাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ কাজ চলমান রয়েছে।
২৯। অর্থনীতি বিভাগের ইকোনমিক্স কালচারাল ক্লাব এবং ইকোনমিক্স ক্যারিয়ার অ্যালায়েন্সের ১০বছর পূর্তি উপলক্ষ্যে ঊঈঈ এর উদ্যোগে “ EconDU Carnival ” আগামী ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ২০১৯-২০২০ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা টাইটেল পার্টনার আবুল খায়ের গ্রুপে চাকরির জন্য ফুল-টাইম MTO, TSO এবং অ্যাকাউন্টস, সাপ্লাই চেইন, এইচআর ও ফাইন্যান্সে অফিসার/সিনিয়র অফিসার পদে সিভি জমা দিতে পারবে। এর জন্য যেকোন বিষয়ে স্নাতকোক্তর ডিগ্রি, ন্যূনতম ৩.০০সিজিপিএ এবং আপডেট সিভি নিয়ে কার্নিভালে প্রতিষ্ঠানটির স্টলে যেতে হবে। যোগাযোগের জন্য মোবাইল: ০১৫২১৭৭৩২২০, ই-মেইল: eca.dubd.ac@gmail.com , 2nd floor, FSS Building, Dhaka University.
৩০। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রীদের কক্ষসমূহে ২২০টি সিলিং ফ্যান স্থাপনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদারকি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলিং ফ্যানসমূহ স্থাপনের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। খ) আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যে হল প্রশাসনের তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের বিষয়ে হলের আবাসিক শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ডাইনিং ও দোকানের কর্মচারীদেরকে অবগত করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে হলের নিরাপত্তাপ্রহরীরা সচেতনতার সাথে দায়িত্ব পালন করছেন। গ) হলের “৩২তম বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫” সম্পন্ন হয়েছে। ঘ) সীট বরাদ্দের কার্যক্রম চলমান রয়েছে। হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত মশার ওষুধ প্রদান ও হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
৩১। অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অভ্যন্তরের বাগানের চার পাশের রাস্তা এবং বিজনেস স্টাডিজ অনুষদের রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে। RCC ঢালাই কাজসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা এবং কিউরিং করার প্রয়োজনে উল্লিখিত রোড যথাক্রমে আগামী ৭ ও ৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
৩২। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১২ সালের এম.এস. (থিসিস) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ১জন শিক্ষার্থীকে “কামালউদ্দিন আহমদ স্বর্ণপদক” প্রদান করা হবে।
৩৩। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬জন সদস্যকে “মোহাম্মদ শাহ্জাহান এন্ড সায়েরা শাহ্জাহান ট্রাস্ট বৃত্তি” প্রদান করা হবে। তাদের এককালীন ৫,০০০/- টাকা করে প্রদান করা হবে।
৩৪। ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯ ও ২০২০ সালের এম.এ. পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ২জন শিক্ষার্থীকে “ডক্টর সৈয়দ এম. সাইদুর রহমান আল মাহবুবী গোল্ড মেডেল” প্রদান করা হবে।
৩৫। রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১, ২০২২ ও ২০২৩ সালের বি.এস. (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ৩জন শিক্ষার্থীকে “আজফার আলম স্মৃতি স্বর্ণপদক” প্রদান করা হবে।
৩৬। থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২৩ সালের বি.এ. (সম্মান) পরীক্ষায় ১ম ও ২য় স্থান অর্জনকারী ২জন শিক্ষার্থীকে “অধ্যাপক জিয়া হায়দার স্মারক বৃত্তি” প্রদান করা হবে।
৩৭। আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চারুকলা অনুষদকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে সমাজবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
৩৮। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বাঁধন ইউনিটের উদ্যোগে হল প্রাঙ্গণে বিনা মূল্যে টিটি টিকা দান কর্মসূচি পালন করা হয়েছে। আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেড (আকিজ গ্রুপ এর একটি প্রতিষ্ঠান)-এর উদ্যোগে “ফ্রি ক্যাম্পেইন ও অফার মূল্যে” হলের ছাত্রীদের মধ্যে ফ্লাই স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
২৬/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়