ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আগামী ১ ডিসেম্বর সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হবে। বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ঐ দিন সকাল ৮:৪৫টায় অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হবেন। সেখান থেকে উপাচার্যের নেতৃত্বে বিজয় র্যালিটি শুরু হবে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং কোষাধ্যক্ষ র্যালিতে অংশগ্রহণ করবেন। র্যালিটি টিএসসি হয়ে স্মৃতি চিরন্তনে পৌঁছাবে। এরপর বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। এই বর্ণাঢ্য বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
২। যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুহাম্মদ উসমান মাজহার এবং ড. বিলাল আকবর উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা ব্রিটিশ কাউন্সিলের ‘ট্রান্সন্যাশনাল এডুকেশন প্রজেক্ট’-এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির মধ্যে জলবায়ু বিষয়ক সচেতনতা ও টেকসই উন্নয়ন সংক্রান্ত চলমান যৌথ একাডেমিক ও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
যুক্তরাজ্যের অধ্যাপকদ্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, ব্যবসায় শিক্ষা বিষয়ে যৌথভাবে পাঠ্যক্রম প্রণয়ন ও উন্নয়নের ক্ষেত্রেও তাঁরা সহযোগিতার প্রস্তাব দেন।
৩। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং একই দূতাবাসের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা ও সংস্কৃতি বিষয়ক চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ এবং চীনের মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধিদল বিনিময়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য চীনা শিক্ষার্থীদের সংখ্যা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে তিনি উপাচার্যের সহযোগিতা কামনা করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
৪। চীনা ভাষার ওপর যৌথ ডক্টরাল প্রোগ্রাম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেইজিং নরমাল ইউনিভার্সিটির (বিএনইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং বেইজিং নরমাল ইউনিভার্সিটি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সহযোগিতার আওতায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতির শিক্ষার্থীরা চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। উভয় বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচিকে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করবে। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বায়োসায়েন্স, বায়োটেকনোলজি এবং পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণের ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেছে।
৫। ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক বিশেষজ্ঞ মিজ আরিয়ান জয় ওলেগারিও-এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে তাঁরা ‘অ্যাসপায়ার ফর উইমেন ইনিশিয়েটিভ’-এর আওতায় এডিবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এডিবি প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগে কর্মরত নারী পেশাজীবীদের জন্য মাস্টার্স পর্যায়ে স্কলারশিপ প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, এডিবি-এর আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ, জলবায়ু সহনশীলতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্নাতকোত্তর প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়েও তাঁরা আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এডিবি-এর যৌথ উদ্যোগে স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তাঁরা ঐকমত্য প্রকাশ করেন।
৬। ইন্দোনেশিয়ার ‘ইউনিভার্সিটাস সুলতান আগেনগ তিরতায়াসা’-এর শিক্ষক ড. রিদা ওক্তোরিদা খাস্তিনি প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর সঙ্গে পৃথকভাবে তাঁদের নিজ নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘ইউনিভার্সিটাস সুলতান আগেনগ তিরতায়াসা’-এর মধ্যে সুন্দরবন ম্যানগ্রোভ বন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বিষয়ে যৌথ গবেষণামূলক কর্মসূচি গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ড. রিদা ওক্তোরিদা খাস্তিনি ‘ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস’-এর স্কলারশিপের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ‘ইকোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ল্যাবরেটরি’-এর সঙ্গে যৌথ গবেষণার লক্ষ্যে বর্তমানে বাংলাদেশ সফর করছেন।
৭। সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের উদ্যোগে ৩ জনকে গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। গবেষণা অনুদান প্রাপ্তরা হলেন- পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের প্রভাষক ড. মার্জিয়া সুলতানা, জাপানিজ স্টাডিজ বিভাগের প্রভাষক ওয়াসিক সাজিদ খান এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের এম.এস শিক্ষার্থী মো. এহসানুল হক চৌধুরী। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষকদের মাঝে অনুদানের চেক তুলে দেন।
৮। ঢাকাস্থ অ্যাঁলায়েন্স ফ্রঁসেজ-এর পরিচালক ড. চ্যামব্রোড ফ্রাঁসোয়া কোষাধ্যক্ষের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঁদ্রে মালরো গার্ডেনে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠেয় একটি অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিক ও দার্শনিক আঁদ্রে মালরোর মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফরাসি দূতাবাস অ্যাঁলায়েন্স ফ্রঁসেজ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করবে।
৯। ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ কাউন্সিল ও বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স এসোসিয়েশন (BELTA) -এর যৌথ উদ্যোগে ‘Project-Based Learning in the Age of AI: A Framework for Higher Education শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন।
১০। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং University & Industry Alliance -এর যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনার আগামী ২২ নভেম্বর সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উপাচার্যের সভাপতিত্বে সেমিনারে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
১১। গত ১৭ নভেম্বর আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। হেরিটেজ ম্যানেজমেন্ট এন্ড রিসার্চ এ আলোচনা সভার আয়োজন করে।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া, প্রভোস্টদের নেতৃত্বে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সমন্বয় সভার আয়োজন এবং আবাসিক হল ও আবাসিক এলাকায় অতিথি প্রবেশের ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য সভায় সভাপতিত্ব করেন।
১৩। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলন সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উপাচার্য প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
১৪। দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র এবং নৈতিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ব দর্শন দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অফিস ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, দাপ্তরিক নিয়ম-শৃঙ্খলা নিশ্চিতকরণ, পেশাগত আচার-আচরণ ও সৌজন্যবোধের উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা সুদৃঢ় করার লক্ষ্যে ১৫ কার্যদিবসব্যাপী অফিস ম্যানেজমেন্ট/ফাউন্ডেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কোটবাড়ী, কুমিল্লায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
গত ১৪ নভেম্বর সিনেট ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের ২৫ জন (প্রথম ব্যাচ) প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
১৬। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘Open Bangla British Parliamentary Debate Tournament ’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
১৭। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী ‘নবান্ন উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। দিনব্যাপী নবান্ন উৎসবে বাহারি পিঠাপুলি, দেশীয় খাবার, হস্তশিল্প ও সৃজনশীল সামগ্রীর প্রদর্শনী, গ্রামীণ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৮। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন কিশোরী লাল রায় চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠান উদ্বোধন করেন।
১৯। কলা অনুষদ ও Bangladeshi Marathon Enthusiasts (BME) -এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে "Dhaka University Arts Faculty Unity Run"। কলাভবন প্রাঙ্গণ থেকে দৌড়টি শুরু হয়। ৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার-এই দুই ক্যাটাগরিতে পাঁচ শতাধিক রানার অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণী পর্বে রেস প্যাট্রন কলা অনুষদের ডিন, প্রক্টর, আয়োজক কমিটির আহ্বায়ক এবং আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসচেতন জীবনযাপনের চর্চাকে উৎসাহিত করা এবং শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই এবং বৃহত্তর রানিং কমিউনিটির মধ্যে সংযোগ ও ঐক্য জোরদারের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
২০। বিজনেস স্টাডিজ অনুষদের এক্সিকিউটিভ এমবিএ (১০ম ব্যাচ) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
২১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-১৯৯৪ সেশনের শিক্ষার্থীদের সংগঠন “বান্ধব”-এর পুনর্মিলনী অনুষ্ঠান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
২২। পদার্থবিজ্ঞান বিভাগ ও অণুজীব বিজ্ঞান বিভাগের পৃথক পৃথক নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
২৩। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের বিভিন্ন ব্লক-এর বাথরুমের কল ও সিংকের কল পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন ব্লকের বারান্দায় লাইট পরিবর্তন করা হয়েছে। সীট বরাদ্দের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত মশার ওষুধ প্রদান ও হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
২৪। ক) রোকেয়া হল কেন্দ্রীয় সংস্কৃতি নিবেশ ‘রোসনি’র উদ্যোগে ৭ মার্চ অডিটোরিয়ামে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’ প্রদর্শনীর আয়োজন করা হয়। খ) ১১তম আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতায় রোকেয়া হল অংশগ্রহণ করে সফলতার সঙ্গে ফাইনালে উন্নীত হয়। গ) হলের ৭ মার্চ ভবনের ছাত্রীদের কক্ষের লকার ও দরজার পাল্লা মেরামতের কাজ চলমান রয়েছে। ঘ) শীতকালীন ফুলের চারা রোপণের মাধ্যমে হল প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে। ঙ) আন্ত:হল ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের একক ইভেন্টে রোকেয়া হল যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
২৫। উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২১ ও ২০২২ সালের বি.এস. (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ২জন শিক্ষার্থীকে “কাজী আবদুল ফাত্তাহ্ ও খুরশীদা বানু ফাত্তাহ্ স্বর্ণপদক” প্রদান করা হবে।
২৬। উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২১ ও ২০২২ সালের বি.এস. (সম্মান) পরীক্ষায় ২য় সর্বোচ্চ সিজিপিএ/নম্বর অর্জন করায় ২জন শিক্ষার্থীকে “অধ্যাপক ড. শেখ শামীমুল আলম স্মৃতি স্বর্ণপদক” প্রদান করা হবে।
২৭। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২১ ও ২০২২ সালের বি.এস. (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ২জন শিক্ষার্থীকে “আবদুস সালাম স্মারক স্বর্ণপদক” প্রদান করা হবে।
২৮। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০২১ ও ২০২২ সালের এম.এস. (থিসিস) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ২জন শিক্ষার্থীকে “প্রফেসর ড. মোঃ খলিলুর রহমান স্বর্ণপদক” প্রদান করা হবে।
২৯। রসায়ন বিভাগের ২০২০ সালের বি.এস. (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ১জন শিক্ষার্থীকে “অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরী স্বর্ণপদক” প্রদান করা হবে।
৩০। রসায়ন বিভাগের ২০২০, ২০২১, ২০২২ এবং ২০২৩ সালের বি.এস. (সম্মান) পরীক্ষায় ২য় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ৪জন শিক্ষার্থীকে “Professor Emeritus Mofizuddin Ahmed-Begum Sufia Ahmed Gold Medal ” প্রদান করা হবে।
৩১। পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০১৮ সালের বি.এ. (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ১জন শিক্ষার্থীকে “বংশদীপ মহাস্থবির স্মারক স্বর্ণপদক” প্রদান করা হবে।
৩২। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১, ২০২২ এবং ২০২৩ সালের বি.এস.এস. (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ৩জন শিক্ষার্থীকে “শহীদ সিনহা স্মৃতি স্বর্ণপদক” প্রদান করা হবে।
৩৩। ইতিহাস বিভাগের ২০২২ সালের স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড পয়েন্ট অর্জন করায় ৩জন শিক্ষার্থীকে বই পুরস্কার প্রদান করা হবে।
৩৪। সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (CGDS), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং UN Women, Bangladesh -এর যৌথ উদ্যোগে Gender Equality and Development শীর্ষক তৃতীয় সংলাপ সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রথম অধিবেশনে ‘‘Expectations from the Youth to Ensure Justice, Protect Survivors, End Impunity’’ শীর্ষক শিক্ষার্থী প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অনুষ্ঠান সঞ্চালন করেন।
দ্বিতীয় অধিবেশনে ‘‘ The Toll of Gender-Based Violence: Ensure Justice, Protect Survivors, End Impunity ’’ শীর্ষক বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
১৯/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়