ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। সমুদ্রবিজ্ঞান, সমুদ্র পর্যবেক্ষণ, পূর্বাভাস, জলবায়ু গবেষণা ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস-এর অধীন ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (FIO)- এর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে চীনের শাংদাওয়ে দুটি সমঝোতা স্মারক (MoU) নবায়ন করা হয়েছে। শাংদাওয়ে অনুষ্ঠিত চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের সময় এসব সমঝোতা স্মারক নবায়ন করা হয়। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের চলমান যৌথ গবেষণা, সমুদ্র পর্যবেক্ষণ, তথ্য ও প্রযুক্তি বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও FIO- এর মধ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য।
২। সেন্টার ফর চায়না স্টাডিজ (CCS), সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (SIIS), ঢাকা বিশ্ববিদ্যালয়, OCPASS এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) এর যৌথ উদ্যোগে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘Second China-Bangladesh Roundtable on Governance Experience Exchange’ শীর্ষক রাউন্ডটেবিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি এবং উপাচার্য বিশেষ অিতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এশিয়ার অভিন্ন উন্নয়ন বিষয়ে ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ‘Keywords to Understand the Common Development in Asia ’ গ্রন্থের প্রথম বাংলা সংস্করণ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের জন্য বেশ কয়েকটি বইটি হস্তান্তর করা হয়।
৩। সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) ভাইস প্রেসিডেন্ট লি কাইশেং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তাঁর অফিস সংলগ্ন সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দুই দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয়ে সভায় আলোচনা করা হয়।
৪। কোরিয়ার ইয়োনসেই ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং-এর অধ্যাপক ড. তায়ে ওয়া লি-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
বৈঠকে কোইকা’র সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (এনআইএএনইআর)-এ নার্সিং বিষয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।
৫। জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কোজো ওয়াতানাবের নেতৃত্বে ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তরু ওয়াতানাবে, ড. মাসেতেরু নিশিয়েমা এবং মি. ইউমা হায়াশি প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি (JST) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন “ঢাকা মহানগর এলাকায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) জনিত স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে পানির গুণগত মান পর্যবেক্ষণ ও পরিশোধন প্রযুক্তি” শীর্ষক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
৬। মার্কেটিং বিভাগের বিভিন্ন ব্যাচের ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে ‘MGI-MAA’ প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী ২৪ হাজার টাকা করে বৃত্তি লাভ করেছেন। শিক্ষামন্ত্রী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন। উপাচার্য প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (MAA) এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (MGI) যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। `MGI-MAA Scholarship` শীর্ষক ১ কোটি টাকার স্থায়ী তহবিলের আয় থেকে এই বৃত্তি প্রদান করা হয়।
৭। আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের ভাষা শিক্ষা কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বলা ও শোনাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরবী, ফরাসি, জাপানিজ, জার্মান, চীনা ও কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের নতুন কারিকুলাম প্রণয়ন ও পাঠদান পদ্ধতি নির্ধারণ করা হবে। শিগগিরই এসংক্রান্ত কর্মসূচি চূড়ান্ত করা হবে। ‘শিক্ষাক্রমে তৃতীয় ভাষা অন্তর্ভুক্তি’ শীর্ষক এক সেমিনারে এব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে তৃতীয় ভাষা শিক্ষা প্রদানের জন্য দেশে পর্যাপ্ত দক্ষ জনবল তৈরির উপর গুরুত্বারোপ করা হয়। উপাচার্য সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৮। তিনদিন ব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং ঢাকা আহ্ছানিয়া মিশন যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।
৯। ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস)-এর উদ্যোগে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট এন্ড ফ্রেশার্স রিসেপশন’ অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
১০। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৭৪তম ব্যাচের নবীন বরণ ও ৬৮তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১৭তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। কোষাধ্যক্ষ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ, ঢাকাস্থ নরওয়ে দূতাবাস এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর সহযোগিতায় এই উৎসব আয়োজন করা হয়।
১২। ক) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ শীর্ষক দিনব্যাপী ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে সামিট উদ্বোধন করেন। খ) নেসলে বাংলাদেশের পক্ষ থেকে নেসক্যাফে কফি ও ম্যাগী নুডুলস শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। গ) হলের তৃতীয় তলায় ২টি ওয়াশরুম উদ্বোধন করা হয়েছে।
১৩। ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক জাতীয় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন এবং অমর একুশে হল রানার্সআপ হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য প্রধান আলোচক এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব এই অনুষ্ঠান আয়োজন করে।
১৪। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” পালন করা হয়েছে। খ) হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও হলের নিয়মিত মশার ওষুধ প্রদান কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
১৫। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৬। সমাজবিজ্ঞান বিভাগের ১জন শিক্ষার্থীকে খন্দকার এ এম একরাম আলী স্মারক বৃত্তি প্রদান করা হবে।
১৭। ক) সমুদ্রবিজ্ঞান বিভাগ, ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ, আবহাওয়া বিজ্ঞান বিভাগ, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫জন শিক্ষার্থীকে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের গবেষণা অনুদান প্রদান করা হবে। প্রত্যেককে এককালীন ২০,০০০/- টাকা প্রদান করা হবে।
খ) ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের ১৫জন শিক্ষার্থীকে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেককে এককালীন ২০,০০০/- টাকা প্রদান করা হবে।
১৮। আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মনোনীত ১ম বর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ১৫০জন শিক্ষার্থীকে চতুর্থ কিস্তির (অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর) টাকা আগামী ৬ অক্টোবর সকাল ১১টায় প্রশাসনিক ভবনের ২১২নং রুম থেকে গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
১৯। ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে সমবায় অধিদপ্তরের নিয়মিত প্রকাশনা ‘সমবায় পত্রিকা’ প্রকাশিত হবে। এই পত্রিকার জন্য লেখা আহ্বান করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- “করবো সমবায়, গড়বো দেশ/ সবার জন্য বাংলাদেশ”। লেখকগণকে সামগ্রিক আলোচনা এড়িয়ে একটি সুনির্দিষ্ট বিষয়, সমস্যা, উদ্যোগ, নীতি, কৌশল, অভিজ্ঞতা বা কেস নির্বাচন করে লেখা প্রস্তুতের জন্য অনুরোধ করা হয়েছে। প্রবন্ধ/নিবন্ধ/প্রতিবেদন ১৫০০-২০০০ শব্দের মধ্যে ( Nikosh ফন্ট, Font Size 12) পাঠাতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে লেখা প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। লেখা পাঠানোর ঠিকানা- ফাহমিদা আক্তার লীমা, এডিটর, (পিপি) শাখা, সমবায় অধিদপ্তর, সমবায় ভবন, এফ-১০ আগারগাঁও সিভিক সেক্টর, ঢাকা-১২০৭। মোবাইল-০১৫৩১-৭১২৮৩৯। ইমেইল: editorcoop2025@gamil.com
২০। প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উপাচার্য সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২১। ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে হিট সাব-প্রজেক্টের আওতায় `Expert Consultation on Extreme Heat Resilience Survey’ শীর্ষক বিশেষজ্ঞ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এই প্রজেক্ট পরিচালনা করে।
২২। গণিত বিভাগের উদ্যোগে “DU MathNET – Dhaka University Mathematics Network for Excellence and Talent” এর যৌথ উদ্যোগে 2nd Intra Fest and Freshers’ Reception অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে Math Olympiad, Sudoku Competition সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। DU MathNET- ক্লাবের উদ্যোগে ৪-দিনব্যাপী পাইথন প্রোগ্রামিং-এর মৌলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
২৩। ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক এক সেমিনার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সভাপতিত্বে সেমিনারে উপাচার্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
২৪/০৯/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়